বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ

সিলেটে আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটে আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা মালু বেগম (৭৬)। পুলিশ ঘটনাটি ট্রিপল মার্ডার হিসেবে তদন্ত করছে।

বুধবার (১২ আগস্ট) সকালে ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সাত্তার সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীসহ ওই বাসায় বসবাস করছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবি ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় বাসার সিসিটিভি ক্যামেরা সচল ছিল না, ফলে ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তবে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি, পারিবারিক শত্রুতা কিংবা পূর্ববিরোধ—সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, তবে আলামত সংগ্রহ করা হচ্ছে।

নিহত আব্দুস সাত্তার ব্যবসায়ী ছিলেন এবং তার চার সন্তানের মধ্যে দুইজন লন্ডনে ও দুইজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া জানান, বুধবার সকাল ৯টার দিকে তাদের সঙ্গে কথা হয়েছিল এবং ধারণা করা হচ্ছে, এরপরই তাদের হত্যা করা হয়েছে।