বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ

নরসিংদীতে সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে যানজট

নরসিংদীতে সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে যানজট

নরসিংদীর শিবপুরে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে পরিবহন চালক ও শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় এপেক্স সিএনজি স্টেশনের সামনে এ অবরোধ শুরু করেন চালক ও শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুর উপজেলার পাঠান, ভূঞা ও সামিয়া সিএনজি স্টেশন গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। কারারচর এলাকায় শুধু এপেক্স সিএনজি স্টেশনটি খোলা থাকায় সেখানে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

অবরোধের কারণে প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পরে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে বেলা ১১টার দিকে চালক ও শ্রমিকরা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্টেশনে বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন গ্যাসের জন্য অপেক্ষা করছে।