বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৮, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

কানাডা সরকারের বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা

কানাডা সরকারের বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা

কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণের জন্য নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

কানাডা সরকার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছেন। যদিও বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত, তবে যেকোনো সময় সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রমণকারীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও কারওয়ান বাজার অন্তর্ভুক্ত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে কানাডা সরকার জানিয়েছে, ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকি রয়েছে। তবে কেউ সেখানে যেতে চাইলে অন্তত ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, নারী ভ্রমণকারীদের একা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং রাতে গণপরিবহন ব্যবহার না করার পাশাপাশি ঢাকা শহরের বাইরে ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ধর্মীয় উৎসব ও জনসমাগমসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো রয়েছে, তাই সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কানাডা সরকার।