বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

ইকবাল হোসাইনের চাকরি বরখাস্তের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

ইকবাল হোসাইনের চাকরি বরখাস্তের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যের কারণে চাকরি হারাতে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন। কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া চলছে, যা শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হতে পারে।

ইকবাল হোসাইন বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত রয়েছেন এবং ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়, যেখানে তদন্ত শেষে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ইকবালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তিনি জবাব দেননি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয়, যা ইকবাল হোসাইনকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

ইকবাল হোসাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলাও চলছে। ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পুলিশ কর্মকর্তা ও শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় তাকে মামলার অন্যতম আসামি করা হয়েছে।