কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১০টায় হলের টিভি রুমে এ সভার আয়োজন করা হয়, যেখানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের মান, বাথরুম ও পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, সিট বণ্টন, রিডিং রুমে এসি স্থাপনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
শিক্ষার্থীরা হলের গণরুম, র্যাগিং ও মাদকসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো সব একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে আমরা ডাইনিং, বাথরুম ও হলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আগে কাজ করব।”
ডাইনিংয়ের খাবারের মান নিয়ে প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান জানান, “একসময় প্রায় ৪০০ শিক্ষার্থী একই ডাইনিংয়ে খাবার খেত। বর্তমানে সংখ্যা কমে ১০০ থেকে ১৫০ জনে দাঁড়িয়েছে। ডাইনিং ব্যবস্থাপনার উন্নয়নে একটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।”
সভায় শিক্ষার্থীরা হলের পরিবেশ ও আবাসিক সুযোগ-সুবিধার উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি গুরুত্বারোপ করে সমস্যাগুলোর সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

