বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আগামীতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে ১৭ বছরের পুরনো ধারায় এগোনোর সুযোগ নেই। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ধারণা রয়েছে যে আগের সরকার ভারতের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্কের সুবিধা পেয়েছে। এই জনধারণা এবং অতীতের অভিজ্ঞতার কারণে দুই দেশের সম্পর্ককে নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আগে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, সেটি জনগণের সঙ্গে সম্পর্ক হতে হবে, কোনও দল বা ব্যক্তি কেন্দ্রিক নয়।’
ভারতও জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছে উল্লেখ করে তিনি এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক হতে হবে দুই স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সম্পর্কের মতো।’
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ভারতের নিরাপত্তা নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে, আমাদেরও বক্তব্য থাকতে পারে। এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে। কিন্তু দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ যেভাবে কথা বলে, সেভাবেই হতে হবে।’

