জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয় শিগগিরই নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠাবে বলে জানা গেছে।
জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে ইসিকে চিঠি পাঠাবে।
নির্বাচন কমিশন সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করলে পরবর্তী সংসদ অধিবেশনে বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। গত ২৩ জুলাই জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়।
গাজী নজরুল ইসলাম ৭৪ বছর বয়সী এবং তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন।

