বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৪, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১০, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে মিছিল করানো যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে মিছিল করানো যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের মিছিল করানো যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

সাদ্দাম মুন্সী উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ও ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। জানা যায়, গত ৬ আগস্ট সকালে দেবিদ্বার উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করান তিনি। মিছিলটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর সাদ্দাম মুন্সী পালিয়ে যান।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর পাভেল মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত সাদ্দাম মুন্সী নাশকতার মামলা ছাড়াও চারটি মামলার চার্জসিটভুক্ত আসামি বলে থানা সূত্রে জানা যায়।

দেবিদ্বার থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। কোমলমতি শিশুদের দিয়ে রাজনৈতিক দলের মিছিল করানোর পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। সোমবার বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।