নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা, দুটি ছোরা এবং ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (২৯), মো. আরফান ওরফে ইরফান (২৪), মো. করিম ওরফে পঞ্চ (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মো. রিদোয়ান (২৫) তার ছোট ভাই রিফাতুল ইসলামকে নিয়ে কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে অটোরিকশায় করে নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন।
রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে শাহ আমানত সেতুর উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ছোরা নিয়ে তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা রিদোয়ান ও তার ভাইয়ের কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা, ব্যাংকের ভিসা কার্ড, জাতীয় পরিচয়পত্র, হাতঘড়ি, পাওয়ার ব্যাংক, চার্জারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, ৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ ও স্থানীয় লোকজন কয়েকজনকে আটক করলে ভুক্তভোগী ঘটনাস্থলে গিয়ে তাদের মধ্যে আরমান, আরফান ও করিমকে শনাক্ত করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
এদিকে ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসাবাদে আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সদরঘাট থানার মাদারবাড়ী রেলগেট এলাকা থেকে রাত ১টা ৪৫ মিনিটে গোলাম হোসেনকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গোলাম হোসেন ভুক্তভোগীর ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছে।

