বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল।
আজ সোমবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আযাদ জানান, জয়-পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়; বরং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে নিয়ে আসাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। হামিদুর রহমান আযাদ দাবি করেন, বিএনপির রাষ্ট্রের সঙ্গে এবং জনগণের সঙ্গে যে দ্বিচারিতা রয়েছে, সেটি জাতির সামনে আনতে চান তারা।
জামায়াতের এই নেতা ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং জামায়াত বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছিল। তিনি বলেন, ‘এবার বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে সেই সম্ভাবনা নেই।’
হামিদুর রহমান আযাদ জানান, অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরমটি আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় দাখিল করা হবে। তিনি অলি আহমদের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ভূমিকার কথা তুলে ধরে বলেন, তিনি একজন বর্ষীয়ান নেতা এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

