ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ আটক এক ব্যক্তির কাছ থেকে আদালতে 'সহজ ধারায়' চালানের আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের পুলিশ সুপার তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ দেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবার (৫ আগস্ট) এসআই তরিকুল বিপুল হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন। আটকের পর তিনি বিপুলের পরিবারকে ২০ হাজার টাকা ঘুষ দিতে বলেন, যার মধ্যে ১২ হাজার টাকা তারা নগদ দেন এবং বাকি ৮ হাজার টাকা থানায় নিয়ে আসার নির্দেশ দেন। এই কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, টাকা নেওয়ার পরও এসআই তরিকুল বিপুলকে মাদক আইনের কঠোর ধারায় চালান দেন। এ বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি কল কেটে দেন।
ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বিতর্কিত অডিও ক্লিপটি তারা সংগ্রহ করেছেন এবং এসআই তরিকুলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

