প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার ভিত্তিতে শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, পরীক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, এবারের ফলাফল সরকারের গঠনের মাত্র দুই মাস পর প্রকাশিত হয়েছে। পরীক্ষার কার্যক্রম ২১ এপ্রিল থেকে শুরু হয় এবং পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, অতীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিপিএ ৫ বা পাসের হার বাড়ানোর সংস্কৃতি ছিল, কিন্তু এখন সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।
মাহ্দী আমিন বলেন, যারা ভালো ফলাফল করেছে, তাদের পরিবার গর্বিত। তবে যারা প্রত্যাশিত ফলাফল পায়নি, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি জীবনের শেষ সুযোগ নয়। সরকার সব সময় তাদের পাশে থাকবে।
তিনি আরও জানান, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনায় এসএসসি ও সমমানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

