কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি-২০২৬ পরীক্ষায় আখাউড়া উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১,৪২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯১৮ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫০৮ জন অনুত্তীর্ণ হয়েছে। উপজেলায় সামগ্রিক পাশের হার ৬৪.৩৮ শতাংশ। মোট ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সর্বোচ্চ ১৩ জন জিপিএ-৫ পেয়েছে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, মোগড়া উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন করে, ভাটামাথা আদর্শ উচ্চ বিদ্যালয়, রাণীখার এস এ হান্নান কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় এবং ছতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন করে এবং তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়, ঘোলখার রাণীখার মাধ্যমিক বিদ্যালয় ও কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের পাশের হার উল্লেখযোগ্যভাবে ভিন্ন। ভাটামাথা আদর্শ উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৯০.৭৪ শতাংশ পাশের হার অর্জন করেছে। অন্যদিকে তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৩৯.৬৯ শতাংশ, যা উপজেলায় সর্বনিম্ন।
আখাউড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন, “এবারের এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা ও সচেতনতার সম্মিলিত ফল।” তিনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল আহমেদ জানিয়েছেন, এবারের ফলাফলে ভালো করা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ফল আশানুরূপ হয়নি, সেগুলোর শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যালয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দুর্বলতা চিহ্নিত করে শিক্ষার মান বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হবে।

