বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এসএস সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, এই উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় পবিত্র কোরআন খতম, সকাল সাড়ে ৭টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাড়ে ৯টায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং পৌনে ১০টায় সুলতানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। সকাল ১০টায় শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী এবং সাড়ে ১০টায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শিল্পী সুলতান ছোটবেলা থেকেই চিত্রাংকনে প্রতিভা প্রদর্শন করেন। তিনি ১৯৪১ সালে কলকাতা আর্ট কলেজে ভর্তি হন এবং ১৯৪৪ সালে তৃতীয় বর্ষের পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তবে তিনি প্রথাগত শিক্ষায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি এবং বিভিন্ন দেশে সফর করে চিত্রকর্ম প্রদর্শন করেন।
১৯৫৫-৫৬ সালে দেশে ফিরে এসে তিনি নড়াইলের মাছিমদিয়ায় ফাইন আর্ট স্কুল ও শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন। সুলতানের শিল্পকর্মের বিষয়বস্তু ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঠ, নদী, হাওর, বাঁওড়, জঙ্গল ইত্যাদি। তিনি ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পী এস এম সুলতান যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় সমাহিত করা হয়। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

