বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১০, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১০, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

নড়াইলে মাদক বিরোধী অভিযানে পুলিশের মাথা ফাটিয়ে দিল মাদক ব্যবসায়ীরা

নড়াইলে মাদক বিরোধী অভিযানে পুলিশের মাথা ফাটিয়ে দিল মাদক ব্যবসায়ীরা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে পুলিশের (এসআই) মো. খোকন হাওলাদার (৫০) নামের একজনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। রবিবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা লাহুড়িয়া পুলিশ (তদন্ত) কেন্দ্রে কর্মরত রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাদক ব্যবসায়ী হারুন রশিদ লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া বাজারে রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের (এসআই) খোকন হাওলাদারের নেতৃত্বে ৪ জনের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী হারুনকে তল্লাশি করে পুলিশ ৫-৬ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ হারুনকে আটক করার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে এসআই খোকন হাওলাদারকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হারুনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত এসআই খোকনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় ৪ টি সেলাই দেওয়া হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানে পুলিশের এসআই খোকন হাওলাদারকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি এবং এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।