রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্লাজার পঞ্চম তলার ওই রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ ও সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় বসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করছিলেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা সম্ভব হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

