বাংলাদেশ ব্যাংক জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ ও ইউটিলিটি বিল পরিশোধে গ্রাহকদের সুবিধা দিতে নতুন ডিজিটাল ঋণব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই সেবায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ নেওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের খসড়া নীতিমালা অনুযায়ী, নেওয়া ক্ষুদ্রঋণ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। দেশের ক্যাশলেস অর্থনীতির প্রসার এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া নীতিমালা সর্বসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। মতামত পর্যালোচনা শেষে চূড়ান্ত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, ডিজিটাল এই ঋণের ওপর কোনো ধরনের সুদ প্রযোজ্য হবে না। তবে ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট অঙ্কের সার্ভিস ফি আদায় করতে পারবে। ঋণের পরিমাণ অনুযায়ী সার্ভিস ফি নির্ধারণ করা হয়েছে, যা ৫ টাকা থেকে ৫০ টাকার মধ্যে হবে।
বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে, অনুমোদিত সার্ভিস ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের সুদ, জরিমানা বা অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। গ্রাহক যদি নির্ধারিত ৩০ দিনের আগেই ঋণের টাকা পরিশোধ করেন, তবে বাড়তি কোনো ফি নেওয়ার সুযোগ থাকবে না।
এই ঋণ প্রদান ও গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে হবে। এতে কাগজের নথিপত্রে স্বাক্ষরের প্রয়োজন হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকের সম্মতি গ্রহণ এবং বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে পরিচয় যাচাই করে দ্রুততার সঙ্গে ঋণ অনুমোদন করবে ব্যাংকগুলো।

