বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৯, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৯, ২০২৬, ২:২০ অপরাহ্ণ

এনসিপি দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে

এনসিপি দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে চলতি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম সভা শেষে এসব পরিকল্পনার কথা জানান।

সারজিস আলম জানান, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে এনসিপির কমিটি পুনর্গঠন করা হবে। তিনি বলেন, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা করা হবে।

এছাড়া, আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। সারজিস আলম আশা প্রকাশ করেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে এবং দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, এই মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এনসিপির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসে ইউনিট কমিটি পুনর্গঠন এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার কার্যক্রম শুরু হবে।