গাজায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর অধিকাংশই নারী ও শিশু।
শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে পশ্চিম গাজার ‘কারাম’ ভবন থেকে উদ্ধারকাজ শেষ হওয়ার কথা জানায় সিভিল ডিফেন্স। তারা জানায়, টানা চার দিন তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানের তদারককারী কর্মকর্তা মোহাম্মদ আবু দান জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ও সিভিল ডিফেন্সের কর্মীরা এখন গাজার অন্য এলাকায় তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবেন।
সিভিল ডিফেন্স বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। ফলে উদ্ধারকারীদের হাতে পরিচালিত সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করতে হচ্ছে, যা উদ্ধারকাজকে ধীরগতিতে এগোচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, পুরো উপত্যকাজুড়ে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকারীদের অতিরিক্ত কায়িক শ্রম দিতে হচ্ছে।

