স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, কেউ গালি দিলে তার জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হবে, তবে হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ ধরনের ‘ফাঁদে’ পা না দেয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের সুযোগ থাকতে হবে। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা বা সহিংসতায় জড়ানো যাবে না। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের প্রয়োজন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে সেই সম্পর্ক এগিয়ে নেয়া।

