বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৯, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

ইনফান্তিনোর বিরুদ্ধে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার করেছেন ফিফা সভাপতি

ইনফান্তিনোর বিরুদ্ধে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার করেছেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দায়িত্ব পালনকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।

তবে ইনফান্তিনোর পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তার মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ‘ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন ইনফান্তিনো। ওই সময় বিবাহিত অবস্থায় তার সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে। ডেইলি টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, উয়েফা ওই নারীকে অর্থ প্রদান করেছে, যার মধ্যে একটি ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তর কোর্সের খরচও অন্তর্ভুক্ত ছিল।

উয়েফা জানিয়েছে, ওই সময়কার বিধি মেনেই সব অর্থ প্রদান করা হয়েছিল, তবে পরবর্তীতে বিধিগুলো আরও কঠোর করা হয়েছে। ইনফান্তিনোর মুখপাত্র জানিয়েছেন, ‘উয়েফা কিংবা ফিফার কোনো কর্মী কখনোই ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি।’

বর্তমানে ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট হিসেবে চাপের মধ্যে রয়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, যার ফলে তার পদত্যাগের দাবি উঠেছে।