লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।
জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অব্যহিতপ্রাপ্ত বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, হারুন ও ইউছুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, তারা মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন।

