কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হাফিজুর রহমান ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে ফের ধরা হয়েছে।
হাফিজুর রহমানের জামিন গত রোববার হাই কোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ মঞ্জুর করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে বৃহস্পতিবার আদালত আসামির জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত সময় পেরোলেও আসামি আত্মসমর্পণ করেননি। এর কয়েক ঘণ্টা পর পিবিআই তাকে গ্রেপ্তার করে। ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।
তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে তনু নিখোঁজ হন এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

