রাজবাড়ীর গোয়ালন্দে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শরিফুল ইসলাম ওরফে হীরা (৪০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
ঘটনাটি ঘটে আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে। জানা গেছে, শরিফুল ইসলাম ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন এবং তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।
আজ সকালে গোয়ালন্দ বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তোরাই মোড় এলাকায় কামরুল হঠাৎ ছুরি দিয়ে শরিফুলকে আক্রমণ করেন। এতে শরিফুল গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

