বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার দেহ বের করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় তাকে না পেয়ে ক্যাম্পের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমে যাওয়ার সময় দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পুলিশ ও চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে ওয়াশরুমের দরজা কেটে রুবেলকে উদ্ধার করেন, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি আইনগত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।