বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

বকশীগঞ্জে ধর্ষণ মামলা তুলে না নিলে কিশোরীকে অপহরণের হুমকি

বকশীগঞ্জে ধর্ষণ মামলা তুলে না নিলে কিশোরীকে অপহরণের হুমকি

মোহাম্মদ আসাদ:

জামালপুরের বকশীগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষক তজমল হকের পরিবার। তজমলের পরিবার প্রকাশ্যে বলছে মামলা তুলে না নিলে ধর্ষিতা কিশোরীকে অপহরণ করবে। ধর্ষিতার পরিবার ন্যায়বিচার দাবি করেছে প্রশাসনের কাছে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া এলাকার মহিউদ্দিনের পালিত কন্যাকে নানা প্রলোভন দিয়ে মামলার প্রধান আসামি তজমল হক নিজ বাড়িতে আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ৪ জুলাই রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানার পর ধর্ষিতা কিশোরীর পরিবার গ্রামের লোকজনের সহায়তায় তজমল হকের বাড়ি থেকে ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে ধর্ষিতা কিশোরীর পালিত বাবা মহিউদ্দিন বাদী হয়ে ৬ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬। ধারা নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(১)/৩০। মামলার পর বকশীগঞ্জ থানার পুলিশ মামলার প্রধান আসামি তজমল হক ও সহযোগী সুমনা বেগমকে গ্রেফতার করে। আসামিরা বর্তমানে জামালপুর কারাগারে আছে।
এ ব্যাপারে কিশোরীর মা (কুসুম ফুল আক্তার) বলেন, মামলা করার পর থেকেই আসামির পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। আসামিদের পরিবারের লোকজন বলছে মামলা তুলে না নিলে তারা আমার কিশোরী কন্যাকে আবারও অপহরণ করার হুমকি দেয়।
মামলার বাদী মহিউদ্দিন বলেন, ন্যায়বিচারের আশায় আমি থানায় মামলা করেছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসামিরা উপযুক্ত শাস্তি না পেলে সমাজে অপরাধ বাড়বে। তিনি আসামিদের ফাঁসি দাবি করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, মামলা দায়েরের পর পরই দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলমান আছে। মামলার তদন্ত চলমান।