রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের রাস্তায় আজ শনিবার দুপুর ১২টার পর পুলিশ ব্যারিকেড দিয়েছে। বকশীবাজার রোডে স্থাপন করা এই ব্যারিকেডের কারণে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন মাদরাসার দিকে প্রবেশ করতে পারছে না, তবে মাদরাসা এলাকা থেকে যানবাহন বের হতে পারছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদরাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন হলের বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে পড়েছেন।
এতে অভিযোগ করা হয়েছে যে, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে পুলিশ ও মাদরাসা প্রশাসন ব্যর্থ হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদরাসা শাখার নেতারা সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন।

