বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

জুলাই জাদুঘর থেকে ছবি সরানোর অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

জুলাই জাদুঘর থেকে ছবি সরানোর অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ শনিবার সকালে জুলাই জাদুঘর পরিদর্শন শেষে অভিযোগ করেছেন যে, সেখানে ফেলানীর স্মৃতি সংবলিত ছবি এবং মোদিবিরোধী আন্দোলনের কিছু স্থিরচিত্র সরিয়ে ফেলা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় যখন তিনি জাদুঘর পরিদর্শন করেছিলেন, তখন এসব ছবি সেখানে ছিল। তিনি প্রশ্ন করেন, "ভারতকে ভয় পেয়ে কি বিএনপি সরকার এসব ঐতিহাসিক উপাদান সরিয়ে দিয়েছে?"

তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঙ্গে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। তবে জাদুঘরের বর্তমান প্রদর্শনীতে সেই ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, "ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো বা মন্দ যেটিই হোক, সম্পর্ক হওয়া উচিত মর্যাদাপূর্ণ।" তিনি জাদুঘরের প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের ঘটনাগুলো আরও বিস্তৃতভাবে উপস্থাপন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জাদুঘরের জনবল ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন, দর্শনার্থীদের চাপ সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত জনবল নেই। নাহিদ ইসলাম জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান এবং এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০০ জন জনবল প্রয়োজন বলে উল্লেখ করেন।