বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৭, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ

বকশীগঞ্জে কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি : সংসদ সদস্যের কাছে আবেদন

বকশীগঞ্জে কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি : সংসদ সদস্যের কাছে আবেদন

মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদের বিরুদ্ধে মনগড়া সিদ্ধান্ত গ্রহণ, দলীয়করণ ও শিক্ষার্থীবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের
কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ আগস্ট) দেওয়া আবেদনে অভিযোগ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকেই কলেজটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাঁর বিতর্কিত ও একচেটিয়া কার্যক্রমের কারণে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি করেছেন আবেদনকারীরা।
আবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে রয়েছে, নিয়মনীতি ও শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে নিজের খেয়ালখুশিমতো কলেজ পরিচালনা এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। এছাড়া কলেজ প্রাঙ্গণকে বিগত সরকারের দলীয় রাজনীতির আখড়ায় পরিণত করা, শিক্ষাঙ্গনের নিরপেক্ষতা বজায় না রেখে বিশেষ পক্ষের স্বার্থে কাজ করা এবং যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে পছন্দের লোকদের অন্যায্য সুযোগ-সুবিধা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, শিক্ষার পরিবেশ উন্নয়নের বদলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি এবং বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের হয়রানি ও দমনপীড়নমূলক আচরণ করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে কলেজের প্রশাসনিক শৃঙ্খলা ও সুনাম নষ্ট করার অভিযোগও তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি, কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের কোনো সুপারিশ বা সিদ্ধান্তেরও তোয়াক্কা করেন না তিনি।
আবেদনে কলেজের সুনাম রক্ষা, শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ করে সৎ, দক্ষ ও নিরপেক্ষ একজন ব্যক্তিকে ওই পদে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনপত্রে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাধারণ শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের পক্ষে নিরব হোসেন ও শাওন নামে দুইজন স্বাক্ষর করেন।