বিশ্বকাপ শেষ হওয়ার পর লিওনেল মেসির সম্ভাব্য অবসর নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া মন্তব্য করেছেন।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, মেসির জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। তিনি জানান, মেসিকে কোনো চাপ না দিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
তাপিয়া বলেন, “এটা (অবসর) একেবারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ২০২২ সালেও আমরা জানতাম না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। তাকে ফুটবল খেলা উপভোগ করতে দেওয়া উচিত।”
মেসির এবারের বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে তাপিয়া বলেন, “আমরা লিওর সেরা না দেখলেও দুর্দান্ত সংস্করণ দেখেছি।” পুরো টুর্নামেন্টে মেসি আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেন।
তাপিয়া মেসির পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “নিঃসন্দেহে বিশ্বকাপে সে এই গ্রুপের অগ্রপথিক ছিল।” তিনি বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “প্রতিটি ম্যাচের পরের প্রতিটি আলিঙ্গন আমি সযত্নে লালন করব।”

