বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৭, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

গণতন্ত্রের ভিত্তি ভিন্নমতকে সম্মান: মির্জা ফখরুল

গণতন্ত্রের ভিত্তি ভিন্নমতকে সম্মান: মির্জা ফখরুল

বাংলাদেশের বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু নির্বাচন আয়োজন বা সরকার পরিবর্তনই যথেষ্ট নয়। তিনি শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক চর্চা, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি এবং শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রয়োজন। তিনি উল্লেখ করেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সংস্কৃতি, যা মানুষের চিন্তা, আচরণ ও রাজনৈতিক চর্চার প্রতিটি স্তরে প্রতিফলিত হতে হবে।

তিনি স্বাধীনতার পর বাংলাদেশে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক পরিবেশের অভাবের কথা উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতান্ত্রিক চর্চার সূচনা করেছিলেন এবং খালেদা জিয়া সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছেন। তবে বিভিন্ন সময়ে তা বাধাগ্রস্ত হয়েছে।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দলটি গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মির্জা ফখরুল গণমাধ্যমের ভূমিকা নিয়ে বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য তুলে ধরতে হবে, তবে সংবাদমাধ্যমের মালিকানা কাঠামো ও আর্থিক বাস্তবতা সাংবাদিকতার স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করছে। তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।