জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার তৈরি ও ব্যবহার করার অভিযোগে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় শাওন মজুমদার সুমনকে প্রধান আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ জুলাই বাদী জানতে পারেন যে, শাওন মজুমদার সুমন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে একটি জাল ডিও পত্র তৈরি করেছেন। ওই পত্রে ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করা হয় এবং সরকারি লেটারহেড ব্যবহার করা হয়।
এজাহারে আরও বলা হয়, কথিত ডিও পত্রটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি এবং এতে ব্যবহৃত স্বাক্ষর ও অন্যান্য বৈশিষ্ট্য সরকারি রেকর্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ফলে এটি প্রাথমিকভাবে জাল বলে প্রতীয়মান হয়।
বাদী দাবি করেছেন, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্র জড়িত থাকতে পারে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তের অনুরোধ জানিয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

