মোজতবা খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির উত্তরসূরি, বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছে বিরোধীপন্থি সংবাদমাধ্যম ইরানওয়্যার। তারা জানিয়েছে, হামলার পর থেকে তিনি ইরানের মন্ত্রিসভার কোনও সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেননি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোজতবা খামেনির শারীরিক অবস্থার ব্যাপারে গুঞ্জন চলছে এবং তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়’ রয়েছেন। সূত্রগুলোর দাবি, শাসকগোষ্ঠীর উচ্চপর্যায়ে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।
একটি সূত্র জানিয়েছে, শিগগিরই তার শাহাদাতের খবর আসতে পারে। তবে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে এবং তিনি জনসমক্ষে আসেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার কোনও বক্তব্য প্রচারিত হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলি খামেনির নিহত হওয়া হামলায় মোজতবা খামেনিও আহত হন এবং তার শরীরে স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে। হামলার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা ‘খুবই কঠিন’ হয়ে পড়েছে।

