বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৯, ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৬, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাজান চৌরাস্তা জামে মসজিদের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার বিকেল তিনটার দিকে ওই ব্যক্তিকে বগাজান বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা খোরশেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তে সহায়তা চেয়ে পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, কেউ ব্যক্তিটিকে চিনে থাকলে যেন বগাজান বাজারে যোগাযোগ করেন। স্থানীয়রা জানান, বাজারে অবস্থানকালে ওই ব্যক্তিকে ঘাস টেনে খেতেও দেখা গেছে।

বগাজান বাজারের হোটেল ব্যবসায়ী দুলাল জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করার আগে তিনি ওই ব্যক্তিকে একটি রুটি খেতে দিয়েছিলেন। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় হাবিল নামের এক ব্যক্তি পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।’

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।