জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের দাবিতে উপাচার্য বরাবর ৯ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার (৬ আগস্ট) জকসুর সহসভাপতি রিয়াজুল ইসলাম স্মারকলিপিটি উপস্থাপন করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসন নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশ করলে প্রক্টরিয়াল বডি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের জোরপূর্বক বের করে দেন। পরে শহীদ ইকরামুল হক সাজিদ ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আন্দোলন প্রত্যাহার না করলে তাদের উঠিয়ে দেওয়া হবে। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
স্মারকলিপিতে দাবি করা হয়, হামলায় আহত হন জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ দুই যোদ্ধা, ছাত্র-শক্তির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষার্থীরা। এছাড়া জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
জকসুর ৯ দফা দাবির মধ্যে রয়েছে প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনের দাবি। স্মারকলিপির শেষে জকসু জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা প্রত্যাশা করছে।

