বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৭, ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৬, ২০২৬, ১:২১ অপরাহ্ণ

ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ কিশোর

ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ কিশোর

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে এবং অপর দুই কিশোরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোররা হলেন রাহাত, জিসান ও ইমন, যারা উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকার বাসিন্দা। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৬ জুলাই দুপুরে স্কুলের টিফিন বিরতির সময়, এক অভিযুক্ত তাকে জরুরি কথা বলার কথা বলে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়, যেখানে অন্য চার কিশোর আগে থেকেই অবস্থান করছিল।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে একজন তার মুখ চেপে ধরে এবং অন্যরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় একজন অভিযুক্ত মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করা হয়। মামলায় রাহাত, ইমন, জিহাদ, রহিম ও জিসানকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযানের মাধ্যমে রাহাত, জিসান ও ইমনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।