জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। অভিযোগ রয়েছে, তিনি ভারতের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মেহেদী কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, মেহেদীর পরিচয় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও বিনিময় করেন। তবে সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন। পরে জামালপুরের পুলিশ সুপারের কাছে বিষয়টি জানানো হলে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ফোনটি পর্যালোচনা করে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও তার আত্মীয়দের কাছে পাঠানোর অভিযোগের সত্যতা মিলেছে। জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে এবং আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

