বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৬, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের লাঞ্ছনার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের দাবি

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের লাঞ্ছনার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের দাবি

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর অনুষ্ঠানের চলাকালীন সময়ে হামলার শিকারদের লাঞ্ছিত ও মারধর করে বের করে দেন।

জাকির হোসেন মিন্টু আদর বলেন, অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। তিনি দাবি করেন, হামলার সময় তার মাথায় আঘাত লেগেছে। অন্যদিকে, ইমরান আল নাজির বলেন, তারা প্রশাসনের দাওয়াতে রাষ্ট্রীয় প্রোগ্রামে এসেছিলেন, কিন্তু হামলার শিকার হন।

অভিযোগ অস্বীকার করে বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, তাদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে কথা-কাটাকাটি হয়েছে এবং পরে তাদের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।

ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, তবে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান চলাকালীন কোনো ঘটনা ঘটেনি, তবে পুরো বিষয়টি জানার পর মন্তব্য করবেন।