বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৫, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

শহীদদের আত্মত্যাগকে বুঝতে না পারার অভিযোগ তথ্যমন্ত্রীর

শহীদদের আত্মত্যাগকে বুঝতে না পারার অভিযোগ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে পার্লামেন্টের বাইরে রাজপথে নিতে চাইছেন, তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগকে বুঝতে পারছেন না। বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, চব্বিশের জুলাইয়ে হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সেই দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, এদেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

গণতন্ত্রে মতপার্থক্য থাকতে পারে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সংসদে আলোচনার মাধ্যমে সেই মতপার্থক্য দূর করা উচিত। রাজপথে টেনে নেওয়া গণতন্ত্রের ভাষা হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই শহীদদের স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। যতদিন বাংলাদেশ থাকবে, ততোদিন তাদের স্মরণ করা হবে। তিনি বলেন, জুলাই আমাদের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দিয়েছে এবং বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

এর আগে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, শহীদ স্মরণ ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।