বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৬, ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

নেত্রকোনায় কলেজ ছাত্র সাব্বিরের মৃত্যু, পরিবারের তদন্তের দাবি

নেত্রকোনায় কলেজ ছাত্র সাব্বিরের মৃত্যু, পরিবারের তদন্তের দাবি

নেত্রকোনায় টহলরত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির শেখ নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার এলাকার নাজিম শেখের ছেলে এবং আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সাব্বিরসহ কয়েকজন যুবক পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং তারা পাশের হরিখালি খালে লাফিয়ে পড়েন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাব্বিরের বাবা নাজিম শেখ পুলিশের বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমার ছেলে কোনোদিন পুকুর বা নদীতে গোসলই করেনি। সে সাঁতার জানত না। তাহলে সে পানিতে পড়ল কীভাবে?’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নিহতের বোন পূর্ণিমা এবং বন্ধু জিহাদও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা জানান, সাব্বির সাঁতার জানতেন না এবং কখনো নদী বা পুকুরে নামতেন না।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘পুলিশের কোনো অবহেলা ছিল না। ঘটনাটি জানার পরপরই স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পুলিশই তাকে হাসপাতালে নিয়ে যায়।’