বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বনশালির ‘রাম লীলা’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের অভিনয় প্রশংসিত হয়েছে। তবে এই চরিত্রে নিখুঁতভাবে অভিনয়ের জন্য দীপিকাকে কঠিন প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে, যা অনেকের অজানা ছিল।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রবীণ অভিনেত্রী জয়তী ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, ‘রাম লীলা’ সিনেমার জন্য দীপিকাকে প্রস্তুত করার দায়িত্ব তার উপর ছিল।
জয়তী বলেন, দীপিকার জড়তা কাটাতে তিনি একটি ভিন্নধর্মী অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। বনশালির অফিসের বারান্দায় দাঁড়িয়ে দীপিকাকে জোরে গালিগালাজ করতে বলা হয়েছিল, যেন নিচে থাকা কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে।
জয়তী জানান, দীপিকা যখন বারান্দায় দাঁড়িয়ে গালিগালাজ শুরু করেন, তখন তিনি চরিত্রের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে, নির্দিষ্ট স্থানে থামার পরিবর্তে আরও নানা সংলাপ বলতে শুরু করেন।
জয়তীর মতে, দীপিকা তখন প্রতিষ্ঠিত তারকা হলেও প্রকাশ্যে এমন অনুশীলন করতে তার মধ্যে কোনো দ্বিধা ছিল না। তার এই নিষ্ঠা দর্শকদের কাছে ‘রাম লীলা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

