ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির তামাক সংরক্ষণাগারে লাগা আগুন সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির একটি তামাকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গোডাউনের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন।
প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে আরও দুটি ইউনিট এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, গোডাউনে বিপুল পরিমাণ তামাক মজুত ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

