বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার প্রক্রিয়া চলছিল।
অভিযোগ রয়েছে, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে অবস্থান নেন এবং সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এর আগে, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে, শুনানি শেষে বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্টে মানহানিকর মন্তব্য করা হয়েছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে এবং আদালতে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল।

