বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৮, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ

তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

গত দুই দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটসহ তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বুধবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় অবস্থিত ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৩ মিটার, যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার থেকে ১০ সেন্টিমিটার বেশি। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সকাল ৬টা এবং সকাল ৯টায় পানির প্রবাহ বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে ছিল।

স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ বেড়েছে। গত মাসেও তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল, তবে একদিন পর পানি নেমে পরিস্থিতির উন্নতি হয়।

এখন তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। চরাঞ্চলের সড়ক ডুবে যাওয়ায় নৌকা ও ভেলা এখন মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে।

পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী উঁচু সড়কগুলোও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাঁধগুলোর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, শুষ্ক মৌসুমে বাঁধ সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয় না।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ বেড়েছে। তিনি নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।