জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না এবং ইতিহাস কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান তারই উজ্জ্বল প্রমাণ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দীর্ঘ প্রায় দুই দশকের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই গণঅভ্যুত্থান। এই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গভীরতা ও তাৎপর্য বিশ্লেষণ করলে বোঝা যায়, কীভাবে গণতন্ত্রের নামে একটি রাষ্ট্র তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ওপর নিপীড়ন চালাতে পারে। তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরতেই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই জাদুঘরে নিয়মিত গবেষণা হবে, যাতে নতুন প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন সম্পর্কে জানতে পারে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে কীভাবে মাত্র ২০ দিনের আন্দোলনে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ভেঙে পড়তে পারে।

