ফ্রান্সের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফে সম্প্রতি ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের আগে জাতীয় দলের জন্য আকস্মিক ডোপ টেস্ট বন্ধ করার একটি তথ্য প্রকাশ করেছেন। তার এই স্বীকারোক্তি ফরাসি ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
বুফে জানান, সরকারের সিদ্ধান্তের কারণে দলের প্রস্তুতিতে বিঘ্নিত হওয়া এড়াতে এই নিয়ন্ত্রণ বন্ধ করা হয়েছিল। তিনি বলেন, ১৯৯৮ বিশ্বকাপের আগে ফ্রান্স দলে কোনো আকস্মিক ডোপ পরীক্ষা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রামাণ্যচিত্র ‘জিদান, দ্য ক্রিয়েশন অব আ লিজেন্ড’-এ বুফে বলেন, ২০১৩ সালে সিনেটের তদন্ত কমিশনের সামনে তিনি এমন কোনো নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছিলেন। তবে সম্প্রতি ডাক্তার অ্যালাইন গার্নিয়ার দাবি করেছেন যে, বুফে পরীক্ষা না করার নির্দেশনা দিয়েছিলেন।
গার্নিয়ারের মতে, নির্দেশনাটি ছিল পরিষ্কার, ‘বিশ্বকাপের আগে ফরাসি দলকে আর বিরক্ত করা উচিত নয়।’ তিনি জানান, ওই নির্দেশনা মৌখিক ছিল এবং কোনো কাগজে লিখিত ছিল না।
বুফে স্বীকার করেছেন যে, ডাক্তার গার্নিয়ারের বক্তব্য সত্যি। তিনি বলেন, ‘আমরা ওভাবে বলিনি, কিন্তু অর্থটা একই।’ বিশ্বকাপের পর ডোপিং-বিরোধী লড়াই শুরু করার জন্য তিনি নিজেই গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে ভূমিকা রেখেছিলেন।

