পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ডোপ টেস্ট করিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৪ আগস্ট) বাগেরহাট সফরকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং এ কাজে সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ।
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, "পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নিতে হবে।"
এদিন বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি। "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদারের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিআইজি আশা প্রকাশ করেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর হবে।

