বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৪, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ

জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩.৮৯ বিলিয়ন ডলার, গত বছরের তুলনায় কম

জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩.৮৯ বিলিয়ন ডলার, গত বছরের তুলনায় কম

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তবে, এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) এই হ্রাসকে ইতিবাচকভাবে দেখছে, কারণ গত বছর জুলাইয়ে রপ্তানি অস্বাভাবিকভাবে উচ্চ ছিল।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। সেই উচ্চ ভিত্তির তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি অর্জন করা কঠিন ছিল বলে জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ জানায়, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতার পরিচয় বহন করে। নতুন অর্থবছরের শুরুতে এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিট পোশাকের তুলনায় ওভেন পোশাকের রপ্তানিতে বেশি পতন হয়েছে। জুলাই মাসে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমেছে, অন্যদিকে নিট পোশাক রপ্তানি কমেছে মাত্র শূন্য দশমিক ৯০ শতাংশ।

বিজিএমইএ আশা প্রকাশ করেছে যে, জ্বালানি নিরাপত্তাসহ কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধির ধারা পুনরায় ফিরে আসবে। সংগঠনটি সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তৈরি পোশাক শিল্পের ইতিবাচক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে।