বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৪, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের চাকা লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের চাকা লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, শেখ আসিফ আহমেদ এবং পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহর তানিম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে, সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির দুটি চাকার সংযোগ থেকে খসে পড়ে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে এবং উদ্ধার করতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে।