বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৪, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপভ্যানের ওপর ট্রাক উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া (৩৫) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে রওনা দেন হাইওয়ে পুলিশের সদস্যরা। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছানোর পর পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। এ সময় পেছন থেকে আসা একটি অতিরিক্ত মালবাহী ট্রাক ভারসাম্য হারিয়ে পুলিশের পিকআপভ্যানের ওপর উল্টে পড়ে।

দুর্ঘটনার সময় পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।